ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর নারী কর্মী–সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন; ক্ষমা চান। আল্লাহ মাফ করে দেবেন। অন্যথায় জামায়াত নেতা–কর্মীরা বসে থাকবে না হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না।’
আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন। মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত আমির আরও বলেন, ‘মায়ের সন্তানরা আমরা গর্জে উঠবো। যেকোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশাআল্লাহ রক্ষা করবো। অপশন দুইটা—একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা। আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা।’
এ সময় তিনি বলেন, ‘আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, পিতৃতান্ত্রিকতাও চাই না। আমরা একটা মানবিক সমাজ চাই। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ, কোনো বিভাজন চাই না—ধর্মেও চাই না, বর্ণে চাই না। আমরা কোনো জেন্ডারেও বৈষম্য চাই না।’
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘১২ তারিখে (ফেব্রুয়ারি) দু’টি ভোট। একটা হচ্ছে “হ্যাঁ” ভোট (গণভোট)। “হ্যাঁ” মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, “হ্যাঁ” মানে আজাদি। “হ্যাঁ” মানে ফ্যাসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা। ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে “হ্যাঁ”।’
দ্বিতীয় ভোট (দলের প্রতীকে) ন্যায় ও ইনসাফের পক্ষে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন ৫ আগস্ট ২০২৪ সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার-আচরণ কেমন, সেটা আপনাদের সবার সামনে পরিষ্কার। এখানে যাদের সুনীতির ওপর পাব, যাদের ওপর আস্থা রাখতে পারব, ইনশাআল্লাহ ১২ তারিখের ভোট তাদের পক্ষে হবে।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com