ঢাকা      বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শিরোনাম

চোরদের মুখে হাত ঢুকিয়ে সব টাকা বের করে নিয়ে আসবো: জামায়াত আমির

IMG
04 February 2026, 6:17 PM

কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: ক্ষমতায় এলে চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে নিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কুড়িগ্রামের প্রধান সমস্যা নদী ভাঙন উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এই কুড়িগ্রাম জেলার দুঃখ হলো প্রধান তিনটি নদী। বর্ষা এলেই নদী পাড়ের মানুষের চিন্তা শুরু হয়ে যায়, কখন কার বসতবাড়ি ভেসে যায়। এই নদীগুলোকে দিনের পর দিন একটি সুবিধাবাদী শ্রেণি হত্যা করেছে। নদীগুলোকে কঙ্কাল বানানো হয়েছে। নদী ভাঙন রোধে যতো বাজেট হয়েছে, সবগুলো তাদের পেটের ভেতরে গেছে। আমরা ক্ষমতায় আসলে ওই চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে নিয়ে আসবো।’

এর আগে, আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে পৌঁছান জামায়াত আমির। সেখান থেকে বিশেষ নিরাপত্তায় গাড়ি বহরে তিনি জনসভাস্থলে যান। জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। যে তিস্তা পার থেকে চব্বিশের মুক্তির লড়াই শুরু হয়েছিল, সেই তিস্তা পারের জেলা কুড়িগ্রাম বাংলাদেশের সব থেকে অবহেলিত দারিদ্র্য পীড়িত নাম। চব্বিশের গণমুক্তির এই আন্দোলনকে বুকে জড়িয়ে নিয়ে এই তিস্তা পারের উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানে সবাই কাজ পাবে। কেউ বেকার থাকবে না। প্রকৃত বিজয় তখনই হবে।’

সীমান্তে হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অতীতে সীমান্তে আমাদের দেশের মানুষকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। কোনো বিচার পাইনি। আমি ফেলানীর বাড়িতে গিয়েছিলাম। তাঁর মা-বাবার চোখে পানি নয়, রক্ত দেখে এসেছি। আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিবেশী বন্ধু থাকবে, কিন্তু আমরা কোথাও কাউকে প্রভু মানবো না, কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না। আমরা ক্ষমতায় গেলে আর কোনো ফেলানীকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না।’

নারী শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে বিশেষ করে মায়েদের প্রতি বৈষম্য ও অসম্মান রয়েছে। সমান কাজ করেও নারী শ্রমিকরা অনেক ক্ষেত্রে কম মজুরি পান। জামায়াত ক্ষমতায় গেলে কর্মস্থল থেকে আবাসস্থলে নারীরা শতভাগ নিরাপত্তা ও সম্মান পাবেন।’

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের এনসিপি প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী ও কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান এতে আরও বক্তব্য দেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন