মুন্সীগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটর সাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। জানা গেছে, তিন বন্ধু একটি মোটর সাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্য মাঝি নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, অতিরিক্ত গতির কারণে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। আরেকজনের হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com