সিলেট, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌঁড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌঁড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই।
তিনি বলেন, গত ৫৪ বছরে জুলুমের শিকার হয়েছে অনেকে। সবচেয়ে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকারের আমলে সবগুলো অফিস একসাথে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। নেতা-কর্মীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছিল। জামায়াত আমির অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে।
সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদীনের চেরাগের মতো। এই অঞ্চল খনিজ সম্পদে ভরপুর। কিন্তু সেটার ন্যায্য হিস্যা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনও সব জায়গায় পাওয়া যায় না।
তিনি বলেন, মদ-গাঁজা-অস্ত্রে একদল সবসময় অস্থির করে রাখে সিলেটকে। জামায়াত এসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশের সেবা করার দায়িত্ব পেলে কেউ চাঁদাবাজি এবং ঘুষ নেওয়ার সাহস পাবে না বলেও উল্লেখ করেন তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com