ঢাকা      রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
শিরোনাম

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

IMG
08 February 2026, 5:52 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে। পাশাপাশি পিলখানায় সেনা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ অথবা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার রাতে রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে মঞ্চের ব্যানারে লেখা ছিল ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’।

বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে তারেক রহমান তাঁর পরিবারের সঙ্গে সেনাবাহিনীর নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সেনানিবাসেই আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা। আমার অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমরা। বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা বেগম খালেদা জিয়ারও একধরনের নির্ভরতা ছিল, তাঁর সম্মান ছিল।’

তারেক রহমান আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন। সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ‘নির্ভরযোগ্য প্রহরী’ হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে তিনি মনে করেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না।

পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রত্যেক কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ’ উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই ঘটনার পর পরাজিত অপশক্তি বিডিআরের নাম এবং ইউনিফর্ম পরিবর্তন করেছিল। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করার পরিকল্পনা রয়েছে।

বিএনপি ক্ষমতায় গেলে ‘জাতীয় নিরাপত্তা পরিষদ’ গঠন এবং সেনা আইনের সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তারেক রহমান। এছাড়া সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে’ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এটি আমরা যতো দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করবো।’

বিএনপি চেয়ারম্যানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে দর্শক সারিতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সাবেক সেনা কর্মকর্তাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন