ঢাকা      সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
শিরোনাম

মানুষের ভাগ্য বদলানোর পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

IMG
08 February 2026, 11:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: এ মুহূর্তে দেশের মানুষের ভাগ্য বদলানোর জন্য বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আমরা মানুষের জন্য যা সম্ভব, তাই করতে চাই। যা বাস্তবায়ন করা যাবে না, সে ধরনের প্রতিশ্রুতি আমরা দেবো না। তিনি বলেন, যেকোনো উন্নয়ন কর্মসূচি সফল করতে জননিরাপত্তা ও অবাধ চলাচলের স্বাধীনতা অপরিহার্য।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই এলাকায় নয়, ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মা-বোনরা যেন নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন। মানুষ যেন নিরাপদে বাসায় ফিরতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে।

এই আসনের ভোটারদের প্রতি বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নিরাপত্তা, চলাচল ও গণতান্ত্রিক জবাবদিহিতা ভিত্তিক নতুন শাসন পর্বের সূচনা হবে।

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সুশাসন ও জনসেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

নগর ব্যবস্থাপনার সঙ্গে জননিরাপত্তার বিষয়টি যুক্ত করে খাল দখলের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, যতোই প্রভাবশালী হোক, কেউ যদি খাল দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা জলাবদ্ধতা বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে আত্মত্যাগের সুফল গণতান্ত্রিক অধিকারে প্রতিফলিত হতে হবে। গত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে পারবে, বাক স্বাধীনতাও ফিরে এসেছে। তবে এর জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে।

মেগা প্রকল্পের নামে দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। গত ১৬ বছরে প্রকৃত কাজ হলে আজ আমাদের এত সমস্যার মুখোমুখি হতে হতো না।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন