ঢাকা      সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
শিরোনাম

‘অনভিজ্ঞতা ও সীমাবদ্ধতা’ স্বীকার করে সুযোগ চাইলেন নাহিদ ইসলাম

IMG
09 February 2026, 12:13 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে অনেক কিছুই অর্জন সম্ভব না হওয়ায় হতাশা ও ক্ষোভের কথা উল্লেখ করে আরেকবার সুযোগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমরা আমাদের অনভিজ্ঞতা ও সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি। সবকিছু স্বীকার করে নিয়েই আমরা আপনাদের কাছে আরেকটিবার সুযোগ চাইছি। এবারের নির্বাচনে আপনারা এনসিপি ও ১১ দলীয় জোটকে সমর্থন করুন।’ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে এ কথা বলেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে যুক্ত হয়ে ৩০টি আসনে নির্বাচন করছে এনসিপি।

এনসিপি ও ১১ দলীয় ঐক্যের ১৮টি নির্বাচনী প্রতিশ্রুতি ভাষণে তুলে ধরেন নাহিদ ইসলাম। পরে তিনি বলেন, ‘এতোক্ষণ যা বললাম, তা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। যদি আপনারা সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ। আপনারা গত দেড় বছরে দেখেছেন কারা সংস্কারের বিরোধিতা করেছে, কারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কারা পুরোনো অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। আমরা পরিবর্তন ও সংস্কারের রাজনীতি চাই। বাংলাদেশকে দুর্নীতি, বৈষম্য ও আধিপত্যবাদ থেকে মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা ১১টি দল এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছি।’

তিনি বলেন, ‘এনসিপির শাপলা কলি মার্কায় ৩০ জন প্রার্থী বিভিন্ন আসন থেকে নির্বাচন করছেন। আমার আহ্বান ও অনুরোধ, আপনারা তরুণ প্রজন্মকে সুযোগ দিন।’ পরিবর্তনের রাজনীতি নাকি পুরোনো রাজনীতি বেছে নেবে - ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে সে সুযোগ এসেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ পরিবর্তন ও সংস্কার চান। গত দেড় বছরে আমরা অনেক কিছুই অর্জন করতে পারিনি। সেই হতাশা ও ক্ষোভ আমাদের আছে। আমরা আমাদের অনভিজ্ঞতা ও সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি। সবকিছু স্বীকার করে নিয়েই আমরা আপনাদের কাছে আরেকটিবার সুযোগ চাইছি। এবারের নির্বাচনে আপনারা এনসিপি ও ১১ দলীয় জোটকে সমর্থন করুন।’

তিনি বলেন, ‘১১ দলীয় জোট আগামী নির্বাচনে জয়লাভ করলে আমরা পরিবর্তন ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আমরা শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করবো। জুলাইয়ের খুনিদের আমরা বিচার নিশ্চিত করবো। গণভোটে আপনারা অবশ্যই “হ্যাঁ”-এর পক্ষে ভোট দেবেন।’

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এবারের নির্বাচন হচ্ছে, এ কথা কেউ যেন ভুলে না যান—এ কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের তরুণ সমাজকে আবারও দায়িত্ব নিতে হবে। কারণ, যদি ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হয়, যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে ৫ আগস্টের বিপ্লব ব্যর্থ হবে।

তিনি বলেন, ‘৫ আগস্টের অর্জন ও আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে হলে আমাদের ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম হতে হবে। সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সবার কাছে আমার আহ্বান, ১২ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটাধিকার কেউই হরণ করতে পারবে না।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন