ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করার সন্দেহে গ্রেফতারের পর মুক্তি দেওয়া হয়েছে সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তারা নরফোক থেকে ৬০ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের ঠিকানাগুলোতে তল্লাশি চালাচ্ছে।
অ্যান্ড্রুর গ্রেফতার প্রতিক্রিয়ায় রাজা তৃতীয় চার্লস বলেছেন, "আইনকে অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে হবে" এবং পুলিশকে "পূর্ণ ও সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা" দেওয়া হয়েছে। অ্যান্ড্রু রাজা চার্লসের ছোট ভাই।
পুলিশ আগে বলেছিল যে, তারা যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের অভিযোগ তদন্তের কথা বিবেচনা করছে এবং গোপন তথ্য লেনদেনের অভিযোগ পর্যালোচনা করছে। সম্প্রতি মার্কিন সরকার জেফরি এপস্টিনের যেসব ফাইল প্রকাশ করেছে তার একটি অংশে তার সঙ্গে অ্যান্ড্রুর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে, টেমস ভ্যালি পুলিশ নিশ্চিত করেছে, "তদন্তের অধীনে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে"। নরফোকে তাদের তল্লাশিও শেষ হয়েছে বলে জানানো হয়েছে।
আইলসহ্যাম থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবেক রাজপুত্র অ্যান্ড্রুকে গাড়ির পেছনের সিটে বসে থাকতে দেখা গেছে।
এই প্রথম অ্যান্ড্রুকে গ্রেফতার করা হলো। যদিও কোনো অন্যায় কাজ করার বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন তিনি। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, 'বিস্তারিত পর্যালোচনা' করার পর এখন একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
ফেব্রুয়ারির শুরুতে দাবি করার হয়েছিল যে, একটি পৃথক অভিযোগের তদন্ত করা হচ্ছে যেখানে ২০১০ সালে এপস্টিন আরেকজন নারীকে অ্যান্ড্রুর সাথে যৌন সম্পর্কের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। ওই নারীর বয়স তখন ২০-এর কোটায় ছিল এবং তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন না বলেও দাবি করা হয়।
অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেফতারের আগে টেমস ভ্যালি পুলিশ দেশটির হোম অফিসের সাথে যোগাযোগ করে আগাম বার্তা দিয়েছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটায় স্যান্ড্রিংহামে এই গ্রেফতার ঘটনাটি যৌন অপরাধের কোনো অভিযোগের সাথে সম্পর্কিত ছিল না।
ব্রিটেনের রাজার নরফোক এস্টেটের বাইরে, যেখানে সাবেক রাজপুত্র বার্কশায়ারের উইন্ডসরের বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে বসবাস করছেন, সেখানেই চিহ্নহীন কিছু গাড়িকে পুলিশের যান বলে মনে করা হয়।
উইন্ডসর গ্রেট পার্কে অ্যান্ড্রুর পুরনো বাড়ি- রয়েল লজ এ তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখানে গেটের বাইরে বেশ কয়েকজন ইউনিফর্ম পরা অফিসারকে দেখা গেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com