ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে সরকার। তবে এই সম্মানী কতো টাকা, তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা হয়েছে। মূলত আজকের বৈঠকে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন— আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি বিভিন্ন মসজিদের খতিব, ইমাম সাহেব ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন, সেই সব ধর্মগুরুদের জন্য আমাদের একটি প্রতিশ্রুতি ছিল— মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের বৈঠকে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ইনশাআল্লাহ ঈদের আগেই পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি শেষ করে কিছু কিছু জায়গায় খতিব, ইমাম, মুয়াজ্জিনদের একটি সম্মানি প্রদান করা হবে ইনশাআল্লাহ।’
এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘ঈদের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘এর পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে, সারা বাংলাদেশে মেধার ভিত্তিতে বৈষ্যমবিহীনভাবে যেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। কীভাবে আমরা আরো দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম ও দ্রুততার সাথে তাদের জন্য চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো— তার জন্য যে ডি-রিজুলেশন প্রয়োজন, তার জন্য যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার নীতিমালা প্রয়োজন রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে আরো প্রাধান্য দেবো আমরা। বিদেশে যেসব দূতাবাস রয়েছে এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কীভাবে আমাদের জনশক্তিকে আরো দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো— এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যেসব মন্ত্রী রয়েছেন, সচিব রয়েছেন— উনারা উনাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের ভেতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এ রাষ্ট্র ব্যবস্থা, জনগণের সরকার আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করা শুরু করব ইনশাআল্লাহ।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শনিবার তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচিগুলোও তুলে ধরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com