সিলেট, বাংলাদেশ গ্লোবাল: সিলেট, বাংলাদেশ গ্লোবাল: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করবো, ধারণ করবো এবং দিন দিন এটিকে বৃদ্ধি করবো। আমরা সিলেটের জন্য যে কাজগুলো করবো, সেগুলো কারো ব্যক্তিগত কাজ নয়- দলগত।
তিনি বলেন, সিলেট- ঢাকা মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয়, পুরো সিলেট উপকৃত হবে। সিলেটে পানি সমস্যার সমাধান হলে কোন ব্যক্তি নয়, বরং পুরো সিলেট সুফল ভোগ করবে। তাই, আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতে কাজ করবো।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করবো। সিলেটের জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্য পণ্যের সরবরাহ আছে, তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত আমদানি নির্ভর ভোগ্যপণ্য যেগুলো রোজায় বেশি ব্যবহার হয়, সেগুলো স্থিতিশীল পর্যায়ে আছে। এসময় তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করেন।
দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা হাবীবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com