ঢাকা      শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

মধ্যরাতে দাদিকে হত্যা, নাতনির লাশ মিললো ক্ষেতে

IMG
28 February 2026, 1:28 PM

পাবনা, বাংলাদেশ গ্লোবাল: পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ওই বাড়ি থেকে বৃদ্ধার নাতনি জামিলা আক্তারকে (১৫) তুলে নেওয়া হয়। এরপর তার মরদেহ পাওয়া যায় বাড়ির কাছে সরিষা ক্ষেতে। তাকে অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান। নিহতরা ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁ’র মা ও মেয়ে। জয়নাল খাঁ ঢাকায় থাকেন। জামিলা আক্তার উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়তেন। ওই মাদ্রাসাতেই থাকতেন। মাদ্রাসা ছুটি হওয়ায় বাড়িতে আসেন জামিলা।

জামিলা ও সুফিয়া খাতুনকে পৃথক স্থানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দু'জনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নার আওয়াজ শুনে বাড়ির বাইরে বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তাঁরা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুজির একপর্যায়ে সরিষা ক্ষেতে তাঁর মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মধ্যরাতে নাতনিকে বাড়ি থেকে তুলে নেওয়ার সময় বাধা দিলে প্রথমে সুফিয়া খাতুনকে হত্যা করা হয়। নাতনিকে ধর্ষণের পর হত্যা করে সরিষা ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা ও নিহতদের আত্মীয় সোহেল রানা বলেন, ‘আমরা জানতে পেরেছি জামিলাকে এর আগে স্থানীয় কয়েকজন বখাটে পথে ও মাদ্রাসায় গিয়ে উত্ত্যক্ত করতো। মাদ্রাসা ছুটির পর জামিলা বাড়িতে আসে। তাঁর বাবা জয়নাল খাঁ ঢাকায় থাকার সুযোগে শুক্রবার রাতে জামিলাকে অপহরণ ও ধর্ষণ করার উদ্দেশ্যে তাদের বাড়িতে আসে দুর্বৃত্তরা। সে সময় সুফিয়া খাতুন টের পেলে প্রথমে তাৃকে হত্যা করে বখাটেরা। পরে জামিলাকে জোর করে তুলে নিয়ে বাড়ির কাছে সরিষা ক্ষেতে ধর্ষণের পর হত্যা করা হয়।’

নিহত সুফিয়া খাতুনের মেয়ে তাছলিমা খাতুন ও নাতি সাগর হোসেন রনি বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এ হত্যার বিচার চাই।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন