ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার

IMG
08 March 2026, 9:53 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আরেক আসামি আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। আজ রোববার (৮ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। একই সঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে এই দুই আসামিকে আটক করে। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি ভারতের সংবাদ সংস্থা এএনআই ও পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যমও নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহী দু'জনের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় আগে গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন