ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

IMG
09 March 2026, 4:12 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া তিনটার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে।

দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত 'অ্যাসেম্বলি অব এক্সপার্ট' সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন। 'অ্যাসেম্বলি অব এক্সপার্ট' নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই সময় তাঁর সঙ্গে বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।

আল জাজিরা জানিয়েছে, মোজতবা কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনেও অংশ নেননি। কিন্তু বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর বেশ প্রভাব ছিল। তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন।

তাঁর বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই তাঁকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল। ৫৬ বছর বয়সী মোজতবা নিজে অবশ্য কখনো এ নিয়ে আলোচনা করেননি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু'দিন আগে জানান মোজতবা সুপ্রিম লিডার হলে তাদের কাছে তা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প একাধিক সংবাদমাধ্যমকে বলেছেন, ইরানের নেতা নির্বাচনে তাঁকে সরাসরি যুক্ত করতে হবে। তবে ট্রাম্পের বক্তব্যকে উড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে ইরানের 'অ্যাসেম্বলি অব এক্সপার্ট'।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন