ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দল স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, তারেক রহমান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিয়েছিলেন,। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
নুরুল ইসলাম মনি বলেন, ‘ডেপুটি স্পিকার পদের প্রস্তাবের বিষয়ে আমরা এখনো জামায়াতের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমাদের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইতিবাচক জবাব পাইনি।’ তিনি আরও বলেন, জবাব পেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, আজ বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে চিফ হুইপ বলেন, এই দায়িত্ব সংসদ নেতার ওপর অর্পণ করা হয়েছে।
নুরুল ইসলাম মনি বলেন, ‘আমাদের নেতাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নির্ধারণ করবেন। আগামীকাল আমরা এর ফলাফল জানতে পারবো।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com