ঢাকা      বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: আহত অন্তত ৬৬

IMG
18 March 2026, 9:59 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুতের ঘটনায় অন্তত ৬৬ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

নওগাঁ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবু জার গাফফার সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত নীলসাগরের ৬০ জন যাত্রী আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ২০ জন ভর্তি আছেন।'

আহতদের ১০ জনের শরীরের বিভিন্ন জায়গায় হাড়ে ফ্র্যাকচার হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। এদিকে, আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল হালিম জানান, এ হাসপাতালে ৬ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন।

আজ বুধবার দুপুরে সান্তাহার স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে আদমদীঘির বাগবাড়িয়া এলাকায় ঢাকা-চিলাহাটি নীলসাগর ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী দল সান্তাহার স্টেশনে পৌঁছেছে। উদ্ধার কাজ সম্পন্ন হতে কতো সময় লাগবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে বগুড়ার স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু দ্য বলেন, 'পাকশী ও পার্বতীপুর থেকে দু'টি উদ্ধারকারী দল এসে লাইন ক্লিয়ার করতে অন্তত ৮-১০ ঘণ্টা সময় লাগবে।' নীলসাগর লাইনচ্যুত হওয়ার কারণে রংপুর ও দিনাজপুরের ৮ জেলার সঙ্গে এ পথে ট্রেন চলাচল বন্ধ আছে। এই রুটে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করে।

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সান্তাহার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার খাদিজা বেগম।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম। তিনি বলেন, 'প্রাথমিকভাবে মনে হছে সিগন্যাল নিয়ে ভুল বোঝাবুঝির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন