রাজবাড়ী, বাংলাদেশ গ্লোবাল: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ৬ জন, শিশু ৩ জন (ছেলে-২ ও মেয়ে-১)। বুধবার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ কথা জানান।
এর আগে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।
বাসটি নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল জানিয়ে ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশনের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “হামজার মাধ্যমে বাসটিকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি, বজ্রপাত আর নদীর ঢেউয়ের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে। আশা করি, দ্রুতই বাসটিকে উদ্ধার করা যাবে।” পরে বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসটির সামনের অংশ নদীর উপরে উঠে আসে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com