ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করার প্রস্তাব এনেছে বাহরাইন। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে ভোটাভুটি হবে। প্রস্তাবে বলা হয়েছে, জাহাজ চলাচল শুরু করতে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ এবং জর্ডান।
তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রস্তাবের প্রাথমিক খসড়ায় যা ছিল তার থেকে অনেকটাই তরলীকরণ করা হয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিলো, হরমুজে জাহাজ চলাচলের জন্য অনুমোদিত দেশগুলি 'প্রয়োজনীয়' ব্যবস্থা নিতে পারবে। জাতিসংঘের ভাষায় এই 'প্রয়োজনীয় ব্যবস্থার' আওতায় সামরিক পদক্ষেপও পরে।
নতুন খসড়ায় বলা হয়েছে, হরমুজ প্রণালী এবং তার পার্শ্ববর্তী এলাকায় জাহাজ চালনার জন্য এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রণালী দিয়ে আগামী ছয় মাসের জন্য যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের 'রক্ষণাত্মক' এবং 'পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ' ব্যবস্থা গ্রহণ করা যাবে।
নিরাপত্তা পরিষদের সদস্য মোট ১৫টি দেশ। এর মধ্যে স্থায়ী সদস্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং রাশিয়া। এই স্থায়ী সদস্যরা প্রয়োজনে নিজেদের স্বার্থে বা মিত্র দেশের স্বার্থে যেকোনো প্রস্তাবে ভেটো দিতে পারে। প্রস্তাবের প্রাথমিক খসড়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চীন এবং রাশিয়া।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com