ঢাকা      শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

কে আসছে পশ্চিমবঙ্গের ক্ষমতায়? যা বলছে এক্সিট পোল

IMG
30 April 2026, 4:02 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে। তারা সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে। কোনো কোনো সমীক্ষায় আবার তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে সর্বত্রই বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। ম্যাট্রিজ়ের বুথ ফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে যাচ্ছে বিজেপি। তৃণমূল পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যরা ছয় থেকে ১০টি আসন পেতে পারে বলে ম্যাট্রিজ়ের সমীক্ষায় দেখা গেছে। তবে বাম বা কংগ্রেস এই রাজ্যে খাতা খুলতে পারবে না বলে দাবি করা হয়েছে।

চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বাম এবং কংগ্রেসের আসন শূন্য।

পিপল্‌স পাল্‌স-এর সমীক্ষায় তৃণমূল এগিয়ে। তারা পাচ্ছে ১৭৮ থেকে ১৮৯টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যদের মধ্যে কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।

পি-মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদের কোনো আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়।

প্রজা পোল-এর সমীক্ষায় বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনে এগিয়ে রাখা হয়েছে। তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। অন্য দলগুলি শূন্য থেকে পাঁচটি আসনে জিততে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।

পোল ডায়েরির সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যদের পাঁচ থেকে নয়টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়।

জনমত পোল্‌স-এর সমীক্ষায় আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা ধরে রাখবে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়। বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসকে এক থেকে তিনটি আসন এবং বামদের শূন্য থেকে একটি আসন দেওয়া হয়েছে। অন্যরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন।

জেভিসি-র সমীক্ষায় তৃণমূলকে ১৩১ থেকে ১৫২টি আসনে এগিয়ে রাখা হয়েছে। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টি আসন। কংগ্রেসকে শূন্য থেকে দু’টি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়।

বুধবার ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। এই দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর এ বছর ভোটের হার অন্যান্যবারের তুলনায় অনেক বেশি। পশ্চিমবঙ্গের ভোটদানের হার নজির গড়ে ফেলেছে ইতিমধ্যে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে রাজ্যে। তবে এ রাজ্যে দ্বিতীয় দফার ভোটদানের চূড়ান্ত হার এখনও প্রকাশ্যে আসেনি। তার আগেই বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে দিয়েছে বিভিন্ন সংস্থা। আগামী ৪ মে পশ্চিমবঙ্গে ভোটগণনা হবে। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে সে দিনই। শেষ মুহূর্তে বুথ ফেরত সমীক্ষার হিসাব উল্টে যাবে কিনা, ওই দিনই স্পষ্ট হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন