ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন নৌ অবরোধকে কটাক্ষ করে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের সীমান্ত এতো বিশাল যে, এটিকে অবরুদ্ধ করা অসম্ভব। এক্স-এ এক পোস্টে একটি কাল্পনিক দৃশ্যকল্প উপস্থাপন করেন তিনি, যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে দু’টি প্রাচীর তৈরি করা হয়, একটি নিউইয়র্ক সিটি থেকে পশ্চিম উপকূল পর্যন্ত এবং অন্যটি লস অ্যাঞ্জেলেস থেকে পূর্ব উপকূল পর্যন্ত।
তিনি লেখেন, "আপনি যদি দু’টি প্রাচীর তৈরি করেন, একটি নিউইয়র্ক থেকে পশ্চিম উপকূল পর্যন্ত এবং অন্যটি লস অ্যাঞ্জেলেস থেকে পূর্ব উপকূল পর্যন্ত, তাহলে মোট দৈর্ঘ্য হবে ৭ হাজার ৭৫৫ কিলোমিটার, যা ইরানের মোট সীমানার চেয়ে প্রায় ১ হাজার কিলোমিটার কম। এতো বড় সীমান্ত ঘিরে কোনো দেশকে অবরুদ্ধ করা সহজ নয়।"
কলিবফ তাঁর পোস্টে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের জন্য একটি নোট যুক্ত করেন, যিনি বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের সদস্যদের সামনে এই অবরোধের পক্ষে কথা বলেছিলেন। কলিবফ লেখেন, “১ কিলোমিটার সমান ০.৬২ মাইল।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ আরোপ করেছে। তেহরান বারবার এই অবরোধকে বেআইনি এবং পাকিস্তানের মধ্যস্থতায় করা ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। তবে তেহরান এই পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়ে আসছে এবং বলছে, এটি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, এই অবরোধ পরিকল্পনা আসলে চলমান উত্তেজনারই অংশ। এর ধারাবাহিকতা মেনে নেওয়া হবে না। ইরানের মোট স্থল ও সামুদ্রিক সীমানা ৮ হাজার ৭০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত, যার মধ্যে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং কাস্পিয়ান সাগর উপকূল রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com