ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ সোমবার (০৪ মে) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে দেশটির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে যে, এবার পশ্চিমবঙ্গের মসনদে বড়সড় রদবদল ঘটতে পারে।
প্রজাপোল সমীক্ষা: এই সমীক্ষা অনুযায়ী বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন।
পিপলস পালস: তাদের তথ্য অনুযায়ী, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন এবং তৃণমূল ১১৮ থেকে ১৩৮টি আসন পেতে পারে।
পোল ডায়েরি: এই সংস্থার পূর্বাভাস অনুযায়ী বিজেপি ১৪২ থেকে ১৭১টি আসন এবং তৃণমূলের ৯৯ থেকে ১২৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
ম্যাট্রিজ সমীক্ষা: তাদের মতে, বিজেপি ১৪৬ থেকে ১৬১টি এবং তৃণমূল ১২৫ থেকে ১৪০টি আসন পেতে পারে।
চাণক্য স্ট্র্যাটেজি: সংস্থার সমীক্ষা অনুসারে বিজেপি ১৫০ থেকে ১৬০টি এবং তৃণমূল ১৩০ থেকে ১৪০টি আসন পেতে পারে।
'টুডেজ চাণক্য'র সমীক্ষা অনুযায়ী, দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। চাণক্যের সমীক্ষা বলছে, ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ১৯২টিরও বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০০ (± ১১) আসনেই থমকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শতাংশের হিসেবে তৃণমূলের ঝুলিতে ৩৮% ভোট যেতে পারে, যেখানে বাম-কংগ্রেসসহ অন্যান্য দলগুলো কার্যত মুছে যাওয়ার ইঙ্গিত মিলেছে।
বেশিরভাগ এক্সিট পোলই ম্যাজিক ফিগার ১৪৮ ছোঁয়ার দৌড়ে বিজেপিকে এগিয়ে রাখলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই সমস্ত পূর্বাভাস শেষ পর্যন্ত কতোটা সত্যি হয়, তা জানার জন্য ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এক্সিট পোলকে ‘শেয়ার বাজার ম্যানিপুলেশন’বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, ঘাসফুল শিবির এবার রাজ্যে ২০০-র বেশি আসন জিতে পুনরায় ক্ষমতায় ফিরছে। অপরদিকে, বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ দাবি করেছেন বিজেপি ৭৮-এ আটকে যাচ্ছে।
কেরালা, তামিলনাড়ু ও আসামের চিত্র
পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে চাণক্য।
আসাম: উত্তর-পূর্বের এই রাজ্যে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন এনডিএ সরকার তাদের আধিপত্য বজায় রাখতে চলেছে। চাণক্যের মতে, ৫২% ভোট শেয়ার নিয়ে ১০২ (± ৯)টি আসন জিতে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি।
তামিলনাড়ু: দক্ষিণের এই রাজ্যে ডিএমকে জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলেও আলোচনার কেন্দ্রে রয়েছে অভিনেতা বিজয়ের দল টিভিকে’র নাটকীয় প্রবেশ।
কেরালা: এই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতা বদলের ঐতিহ্য এবারও বজায় থাকতে পারে। সমীক্ষা অনুযায়ী, বামপন্থী এলডিএফ-কে সরিয়ে ইউডিএফ ৬৯ (± ৯)টি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com