ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলকাতায় এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার পর তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তিনি সরাসরি চলে যান দক্ষিণেশ্বরে। এরপর তিনি যাবেন নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির নতুন বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সেখানেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হতে পারে।
বিজেপির নতুন বিধায়কদের সঙ্গে বৈঠকের আগে নিউ টাউনের ওই হোটেলে একটি মধ্যাহ্নভোজে থাকবেন অমিত শাহ। আগামীকাল শনিবার তিনি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। সেই কাজে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাই করার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এটি বিজেপির পরিষদীয় রীতি।
জানা গেছে, এবার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসক দলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। বিজেপির অন্দরেও তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতে পারে পদ্মশিবির। তবে শুভেন্দুর নাম শেষ পর্যন্ত চূড়ান্ত হবে, না কি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে, তা আজ শুক্রবার সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যাঁর নাম স্থির হবে, তিনিই সন্ধ্যায় নতুন বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন এবং রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com