নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রোথ মার্কেট’ বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস অংশ নেন।
এতে বাংলাদেশের ইংরেজি শিক্ষার কারিকুলাম পরিমার্জন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় সাধনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী রূপান্তরের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের এ প্রস্তাবনা ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ প্রতিনিধি দল এবং ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com