ঢাকা      সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

গাজা ইস্যুতে আইসিসিতে যাচ্ছে মালয়েশিয়া

IMG
25 May 2026, 1:20 PM

আহমাদুল কবির, মালয়েশিয়া: গাজায় মানবিক সহায়তা মিশনে অংশ নেওয়া মালয়েশিয়ান কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা, আটক ও জাহাজ আটকের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া।

রোববার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরা কর্মীদের স্বাগত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী ও মিশনের পৃষ্ঠপোষক মন্ত্রী আমিরুদ্দিন শারি।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে বিষয়টি আইসিসিতে নেওয়া হবে।
আমিরুদ্দিন জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) ২.০-এ ২৯ জন মালয়েশিয়ানসহ মোট ৪২৮ জন কর্মী অংশ নেন। ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর তারা অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেন তিনি।

সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টারের মহাপরিচালক ড. সানি আরাবি বলেন, ফ্লোটিলা আটকের সঙ্গে সংশ্লিষ্ট সব আইনি প্রমাণ মানবাধিকার সংস্থা সেন্ট্রার কাছে পাঠানো হবে। তিনি দাবি করেন, এ ঘটনা জাতিসংঘের সমুদ্র আইন সনদের অধীনে সংশ্লিষ্ট জাহাজগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

এদিকে, মিশনে অংশ নেওয়া মালয়েশিয়ান কর্মী রাজমান মাত আলি গুরুতর আহত হয়ে বর্তমানে ইস্তাম্বুলে চিকিৎসাধীন রয়েছেন। ইসরায়েলি বাহিনীর নির্যাতনে তাঁর বাম ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

আমিরুদ্দিন আরও বলেন, গাজাকে ঘিরে আন্তর্জাতিক জনমত তৈরিতে দেশব্যাপী প্রচারণা চালানো হবে এবং ভবিষ্যতে তৃতীয় জিএসএফ মিশনের পরিকল্পনাও রয়েছে। রোববার রাত ১০টার দিকে বাকি ২৮ জন মালয়েশিয়ান কর্মী নিরাপদে কেএলআইএ-তে পৌঁছালে অপেক্ষমাণ স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন