ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশীদ হাবিব, আমিনুল হক, মাসুদ আহমেদ তালুকদার, এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা, মীর সরাফত আলী সপু, শফিকুল ইসলাম খান মিল্টনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করছে। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটি তাঁর ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com