ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দরিদ্র এবং দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ দিনব্যাপী এ কর্মসূচি চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের বাকি সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোারেশনের আরও ১৬টি স্থানে অনুরূপ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে, সকালে প্রয়াত রাষ্ট্রপতিন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তার হাতে তিনি নিহত হন। বিএনপি দিনটিকে ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com