ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ৪৬-এ পা দিয়েছেন সাংবাদিক ও সংগঠক আশরাফুল কবির আসিফ। ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা জেলার সদর উপজেলার শ্যামপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মরহুম আবদুল্লাহেল কবির ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার। পিতার কর্মসূত্রে আসিফের শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়।
শিক্ষা ও কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখা আশরাফুল কবির আসিফ বগুড়া জিলা স্কুল থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে সরকারি আযিযুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
২০০৬ সালে প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার সাব এডিটর ও কলামিস্ট হিসেবে তাঁর আনুষ্ঠানিক কর্মজীবন শুরু হয়। এরপর তিনি টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন। বৈশাখী টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ওয়ান ইলেভেনের কঠিন সময়ে মধ্যরাতের জনপ্রিয় লাইভ টক শো ‘সিডিএল সংবাদ সারাদিন’ উপস্থাপনা করতেন তিনি। এরপর আরটিভিতে যোগ দেন। এটিএন বাংলায় দীর্ঘকাল বার্তা সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি এটিএন বাংলার ‘শ্রেষ্ঠ বার্তা সম্পাদক’ পুরস্কারে ভূষিত হন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তিনি ‘বাংলাদেশ গ্লোবাল’-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও আশরাফুল কবির আসিফ সুপরিচিত। তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)’র নির্বাচিত সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা’র সদস্য সচিব হিসেবেও কাজ করছেন।
গাইবান্ধা, বগুড়া এবং ঢাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত আসিফ। বগুড়ার প্রথম বিভাগ ক্রিকেট লিগের দল জিয়া মেমোরিয়াল ক্লাব (জেডএমসি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com