ঢাকা      শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান তথ্য প্রতিমন্ত্রী

IMG
23 February 2026, 9:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সোমবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তাঁকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন। এছাড়া ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধা ভোগীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির নির্দেশনা দেন তিনি।

রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।

সভায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়া বোর্ড সদস্যদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতে কোন বড় সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য চিকিৎসা সুবিধার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া ট্রাস্টের জনবল নিয়োগ, যানবাহন সুবিধা প্রদান, নিজস্ব ভবন নির্মাণ ইত্যাদি বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি।

সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এসময় জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ সকল অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। জাতির প্রয়োজনে গণবিস্ফোরণে সহযোগিতা করে, নৈতিক সমর্থন জানিয়ে জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে গণমাধ্যম। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যমের মূল শক্তি হলো ডাটাবেইজ। ডাটা থেকেই তৈরি হয় ইনফরমেশন। জনগণকে অবাধ ইনফরমেশন বা তথ্য প্রদানই হবে আমাদের কাজ। সাংবাদিকদের ছাড়া এই তথ্য প্রবাহ নিশ্চিত করা সম্ভব না। সাংবাদিকরা তাই এই মন্ত্রণালয়ের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন।

এসময় নিজ নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসক্লাব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের কথা জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ২৪-এর গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন