ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় তাঁর কাছ থেকে বাংলাদেশিদের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছে, সে সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। পাশপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
রুমন আরও বলেন, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্য কেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে প্রধানমন্ত্রী সেটিও সর্বাক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সর্বাক্ষনিক নিয়োজিত রয়েছেন।'
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com