মওলা সুজন, নোয়াখালী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালী সদর, বেগমগঞ্জ এবং কবিরহাট উপজেলার পাঁচ গ্রামের কাদেরিয়া তারিকার অনুসারী দুই শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় শত বছর থেকে চলে আসা সংস্কৃতির সাথে মিল রেখে এ বছরও এসব গ্রামের মানুষ আজ শুক্রবার সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
তিন উপজেলার ১০ টি মসজিদে আজ সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন তারা। নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর গ্রামে সকাল ১০ টায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সময় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামেও ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় ।
বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের সিরাজ মিয়া জানান, আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ সকালে ঈদের নামাজ আদায় করি।
নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের আলাউদ্দিন বলেন, আমরা আমাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য বজায় রেখে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করি। এবারও ব্যতিক্রম হয়নি। সুন্দরভাবে ঈদের নামাজ পড়লাম। নামাজের পরে সবাই মিলে সেমাই খেয়েছি।
নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলিয়ে নোয়াখালীর তিন উপজেলার পাঁচটি গ্রামে দুই শতাধিক মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। তাদের ঈদ উদযাপন যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com