ঢাকা      বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

বার্সেলোনার মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়

IMG
09 April 2026, 7:22 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বার্সেলোনার মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে ন্যু ক্যাম্প থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে তারা।

আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের পর সরলথের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। তবে ম্যাচে ডিয়েগো সিমিওনের শিষ্যরা জালে শট নিয়েছিল মাত্র ৩ বার। এই জয়ে তারা সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে। দ্বিতীয় লেগ হবে আগামী ১৫ এপ্রিল।

১৫ বছরের অ্যাটলেটিকো ক্যারিয়ারে বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে এটা সিমিওনের প্রথম জয়। আর্জেন্টাইন কোচ ২০১১ সালে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন। অবশ্য এর আরও ৫ বছর আগে থেকে বার্সার মাঠে জয় পায়নি অ্যাটলেটিকো। সবশেষ জয়টি ছিল ২০০৬ সালে।

অ্যাটলেটিকো লিড নেয় আলভারেজের দারুণ এক ফ্রি কিকে। ৪৫ মিনিটে পাও কুবার্সি ডি বক্সের একটু দূরে ফাউল করলে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে হলুদ কার্ড বদলে যায় লাল কার্ডে। সেখান থেকেই ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন আলভারেজ।

ম্যাচের শুরুর দিকে অফসাইডের কারণে গোলবঞ্চিত হওয়া বার্সেলোনা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই। ৪৯ মিনিটে লামিন ইয়ামালের দূর থেকে বাড়িয়ে দেওয়া বল দুই ডিফেন্ডারের মাঝে পেয়ে যান মার্কাস রাশফোর্ড। তার সামনে ছিলেন কেবল অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো। মুসোকে কাটাতে গিয়ে বার্সা ফরোয়ার্ড বল আর জালে রাখতে পারেননি। ৫ মিনিট পর তার আরেকটি শট বারে লেগে ফিরে আসে।

সরলথকে ৬১ মিনিটে বেঞ্চ থেকে নামিয়েছিলেন সিমিওনে। এর ১০ মিনিটের মাথায়ই ব্যবধান ২-০ করেন তিনি। এই নরওয়েজিয়ান মাতেও রুজেরির কাছ থেকে বল পেয়ে ১০ মিটার দূর থেকে গোল করেন। শেষ কয়েক মিনিট ছিল বার্সেলোনার। ইয়ামালরা বারবার আক্রমণ করলেও গোল করা হয়ে উঠেনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন