ঢাকা      শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন

IMG
17 April 2026, 5:31 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ এবং পরিবারের সদস্যরা এতে অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সাথে স্বল্প সময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, দুই মাসের মত হলো বাণিজ্য সচিবের সাথে তাঁর কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।

তিনি আরও বলেন, পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাজা পড়বে, কেউ জানে না। পরকালের জন্য যেন কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি, আমাদের সে কাজে মনোযোগী হওয়া উচিত।

আজ শুক্রবার সকাল ছয়টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। কয়েক দিন শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে যায়। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। তাঁকে গাজীপুরের গাছা এলাকায় দাফন করা হবে বলে পারবারিক সূত্রে জানা গেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন