ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আঙুল ট্রিগারে রেখে যেকোনো আগ্রাসী ও অপরাধমূলক শত্রুর কর্মকাণ্ডের শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের সেনাবাহিনী দিবসকে সামনে রেখে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইসলামী বিপ্লবের প্রাথমিক মাসগুলোতে অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল শক্তি ও বিদেশি শত্রুদের 'সেনাবাহিনী বিলুপ্তি'র ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রেক্ষাপটে মহান বিপ্লবের স্থপতি ইমাম খোমেনী (রহ.)-এর নির্দেশে এই প্রতিষ্ঠানটি দেশের নিরাপত্তা ও শক্তির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে নিজ অবস্থান সুসংহত করে। গত ৪৭ বছরে বিপ্লবী চেতনা, ৮ বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতা এবং দেশীয় জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি “জাতির অটুট দুর্গ” হিসেবে পরিচিতি পেয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামী বিপ্লব ও ইরানের জনগণের ঐতিহাসিক স্মৃতি সাক্ষ্য দেয় যে, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর উজ্জ্বল ও গৌরবময় ভূমিকা এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সাথে বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাথে ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে জাতীয় প্রয়োজন পূরণে তাদের কার্যক্রমকে ইরানিদের "শক্তিশালী বাহু” হিসেবে গণ্য করা হয়। এগুলো ইসলামী প্রজাতন্ত্রের আধুনিক প্রতিরক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ সাফল্যগুলোর মধ্যে অন্যতম, যা বিপ্লবের প্রয়াত নেতার প্রজ্ঞাপূর্ণ চিন্তা, নেতৃত্ব এবং বিজ্ঞ দিকনির্দেশনায় বাস্তবায়িত হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com