নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে। আজ শুক্রবার তুরস্কে ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একে পার্টির ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্র বিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া এ প্রস্তাব দেন।
বৈঠকে জাফের সিরাকায়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি। এছাড়াও উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com