ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। আজ সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. খলিলুর রহমান জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত এবং তা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সাথে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি আরো বলেন, সম্প্রতি আমি ভারতে শুভেচ্ছা সফর করেছি। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com