নারায়ণগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট শিল্পাঞ্চলে জেরা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৩ মে) দুপুর একটার দিকে মধ্যাহ্ন ভোজ চলাকালীন এই দুর্ঘটনায় ১২ জন দগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন: মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। দগ্ধদের মধ্যে চারজন ক্যান্টিন বয় এবং বাকিরা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, দুপুরে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
বিদ্যুৎ কেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, রান্নার কাজ শেষ হওয়ার পর অসাবধানতাবশত একটি গ্যাসের চুলা চালু অবস্থায় ছিল। পরে কেউ একজন আগুন ধরাতেই জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দগ্ধের মাত্রা নিরূপণ করা হচ্ছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com