ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমাদের গৃহীত প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে, তাদের উন্নতি সাধন করে, সেদিকে নজর রাখতে হবে।”
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকায় জলাবদ্ধতা দূর করতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় কাজ শুরু হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কাজ দ্রুত শুরু হবে।
তিনি বলেন, “নির্মাণ কাজে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে। বৃষ্টির পানির সঠিক প্রবাহ বিবেচনা করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে পানি কোথাও জমে না থাকে।” প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শন তুলে ধরে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, “তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।” সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো যত্নশীল হওয়ার পরামর্শ দেন মীর শাহে আলম। তিনি বলেন, “এই কাজ ঠিকভাবে হলে ঘনবসতিপূর্ণ এলাকার দীর্ঘদিনের জনভোগান্তি কমবে।”
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com