ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কৃষি খাতে সম্পদের অপচয় রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দেশের কৃষি খাতের আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কৃষি নীতি প্রণয়নে এই সেমিনারকে একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, আইইবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির মোস্তফা খান, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, আইইবি’র সহ-সভাপতি খান মঞ্জুর মোর্শেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশিক-ই-রব্বানী।
মীর শাহে আলম বলেন, কৃষি খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো সঠিকভাবে চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সামনে এগোতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতে এ বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
কৃষি খাতে একটি কৃষি প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও স্থানীয় সরকার খাতে পৃথক প্রকৌশল অধিদপ্তর সফলভাবে কাজ করছে। একইভাবে কৃষি খাতেও একটি বিশেষায়িত কৃষি প্রকৌশল অধিদপ্তর গঠন করা হলে কৃষি অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠ পর্যায়ের সেবার মান আরও বৃদ্ধি পাবে।
আইইবি’র কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলার সভাপতিত্বে সেমিনারে কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তিগত রূপান্তর নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সেমিনারে উত্থাপিত সুপারিশসমূহ বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি খাত আরও আধুনিক, দক্ষ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com