ঢাকা      রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

কুমিল্লা নামে বিভাগ হবে: প্রধানমন্ত্রী

IMG
16 May 2026, 11:45 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কুমিল্লা’ নামে বিভাগ হবে। কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সব দাবি পর্যায়ক্রমে পূরণ করবে। একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সাথে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। আজ দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষে ‘কুমিল্লা’ নামে বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। বিএনপি কর্মীরাও তুমুল করতালি দিয়ে কৃষিমন্ত্রীকে সমর্থন জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি এখানে ২০০১ সালের নির্বাচনে বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে, বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখবো, ইনশাআল্লাহ আমি বরুড়ার বিষয়েও সহযোগিতা করবো। আমরা সেই সময় কথা রেখেছিলাম, এখানে সেই সময় প্রচুর রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে বলেছিলাম— সারাদেশে কৃষকদের যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, সুদসহ সেই ঋণ আমরা মওকুফ করব। নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করার পরে প্রথম ১০ দিনের মধ্যে আমরা সেই কথা রেখেছি এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি। এর ফলে বাংলাদেশের প্রায় ১২ লাখ কৃষক এর সুবিধাটি পেয়েছে। ১২ লাখ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গেছে।

বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনার মধ্য দিয়ে নিজেদের রাষ্ট্রের মালিক হিসেবে নির্বাচিত করেছে। তাই জনগণই বিএনপি সরকারের মূল শক্তি। তাই বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানি দেওয়া শুরু হয়েছে। ভবিষ্যতে বাকি সব প্রতিশ্রুতিও ধীরে ধীরে বাস্তবায়ন করবে। তবে এ জন্য সকলকে ধৈর্য ধরতে হবে।

এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার সময় উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সেজন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭ বছর যে স্বৈরাচার ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের ওপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। গুম, খুন, গুলি করে মানুষ হত্যা করেছে। একই সাথে এই দেশের মানুষের অর্থসম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। ফলে এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া— পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব এক এক করে।

জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাই আসুন শপথ করি— ‘করব কাজ, গড়বো দেশ। সবার আগে বাংলাদেশ।’

পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন