রাশেদ কাদের, জর্ডান: জর্ডানের রাজধানী আম্মানের বাংলাদেশ দূতাবাসের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বাংলাদেশিদের কাছে ইমো ও হোয়াটসঅ্যাপ মাধ্যমে প্রবাসী কার্ড বা অন্যান্য সেবা দেওয়ার নামে ক্ষতিকর লিংক ও ফাইল পাঠাচ্ছে বা অ্যাপস ডাউনলোড করতে বলছে। এসব লিংক বা ফাইল ক্লিক করলে বা অ্যাপস ডাউনলোড করলে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা হতে পারে।
এছাড়া এসব লিংক বা ফাইল ক্লিক করলে বা অ্যাপস ডাউনলোড করলে আপনার মোবাইলে ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়ার স্থাপনের মাধ্যমে আপনার মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে আপনার ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট হতে অর্থ হাতিয়ে নেওয়া হতে পারে। এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং অপরিচিত নম্বর থেকে আসা কল, বার্তা, লিংক বা ফাইল খোলা বা ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আম্মানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে সেবা গ্রহণ বা আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এর ফলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সে দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। মিশনের সকল কর্মকর্তার সাথে যোগাযোগের নম্বর সমূহ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com