আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে মোবাইল কনস্যুলার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি মোবাইল কনস্যুলার টিম গত শনিবার (১৬ মে) “আসাহি কোসেই” নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সেবা প্রদান করে।
এ কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট এনরোলমেন্ট, নবায়ন সংক্রান্ত সহায়তা, পাসপোর্ট বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করা হয়। এতে কর্মীরা কর্মস্থলেই সহজে সেবা গ্রহণের সুযোগ পান এবং দূরবর্তী স্থানে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি থেকে রেহাই পান।
জানা গেছে, আসাহি কোসেই কোম্পানিতে বর্তমানে ২৫০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। কর্মব্যস্ততার কারণে অনেক শ্রমিকের পক্ষে হাইকমিশনে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে হাইকমিশনের পক্ষ থেকে সরাসরি কর্মস্থলে গিয়ে সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
মোবাইল কনস্যুলার টিমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা বলেন, কর্মঘণ্টা নষ্ট না করেই একই স্থানে পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারায় তাঁরা অত্যন্ত উপকৃত হয়েছেন। বিশেষ করে নতুন পাসপোর্টের আবেদন, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং প্রস্তুতকৃত পাসপোর্ট হাতে পাওয়ার সুযোগ শ্রমিকদের জন্য অনেক স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ ও কার্যকর করতে ভবিষ্যতেও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কর্মস্থলে এ ধরনের মোবাইল কনস্যুলার সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বৈধ কাগজপত্র সংরক্ষণ, সময়মতো পাসপোর্ট নবায়ন এবং মালয়েশিয়ার আইন মেনে চলার বিষয়ে কর্মীদের সচেতন থাকার আহ্বানও জানানো হয়।
প্রবাসী কর্মীদের কল্যাণ ও সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের কার্যক্রম বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আস্থা ও স্বস্তি বাড়ানোর পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিও আরও উজ্জ্বল করবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com