আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের খোঁজ-খবর নিতে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ১৩ মে লাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে। এ সময় প্রতিনিধি দল ক্যাম্পে আটক বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল আটক বাংলাদেশিদের সাক্ষাৎকার গ্রহণ করে তাদের পরিচয় যাচাই, ভ্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি অনেকের পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ স্থাপন করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্বজনদের অবহিত করা হয়।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা, ট্রাভেল পারমিট ইস্যু সংক্রান্ত কার্যক্রম এবং নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজও এ সময় সম্পন্ন করা হয়েছে। যাদের বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের দেশে প্রত্যাবর্তনের সুবিধার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
ডিটেনশন ক্যাম্পে থাকা বাংলাদেশিরা প্রতিনিধি দলের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকায় মানসিকভাবে তাঁরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় হাইকমিশনের কর্মকর্তারা এসে খোঁজ-খবর নেওয়া এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ায় তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছেন।
প্রতিনিধি দলের সদস্যরা আটক ব্যক্তিদের স্বাস্থ্য, খাদ্য ও আবাসন পরিস্থিতির বিষয়েও খোঁজ নেন। পাশাপাশি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটক বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে থাকে। আটক প্রবাসীদের আইনগত ও মানবিক সহায়তা প্রদান, পরিচয় নিশ্চিতকরণ এবং দ্রুত দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে হাইকমিশনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে আটক অবস্থায় থাকা প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান তাদের মানসিকভাবে সাহস জোগাচ্ছে এবং পরিবারগুলোর মধ্যেও স্বস্তি ফিরিয়ে আনছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com