ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্কুল ছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে। তবে শাস্তি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’
আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব নৃশংস অপরাধের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে, দ্রুত গ্রেফতার ও তদন্ত নিশ্চিত করছে।
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান আসামি সোহেলকে তার স্ত্রীসহ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। যত দ্রুত সম্ভব আদালতে চার্জশিট দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো নৃশংস অপরাধ উপেক্ষা করা হয়নি কিংবা আসামি গ্রেফতারে বিলম্ব হয়নি।’ তিনি আরও উল্লেখ করেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com