ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। আজ রোববার বিকেলে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করার ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ হিসেবে স্মরণ করে আসছেন। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস নাকবা’র প্রেক্ষাপটে নির্মিত প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com