ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর ইরানের নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। আর ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এ অঞ্চলে চলাচল করতে পারবে না। টেলিভিশন অনুষ্ঠান ‘মান ইরানাম’-এ অ্যাডমিরাল সাইয়্যারি বলেন, "অঞ্চলের সামুদ্রিক নিয়ন্ত্রণের দায়িত্ব সুস্পষ্টভাবে বিভক্ত। হরমুজ প্রণালীর পশ্চিম অংশ, নিজস্ব প্রণালী এবং পারস্য উপসাগর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং হরমুজ প্রণালীর পূর্বাংশ ও উত্তর ভারত মহাসাগর ইরানের নৌবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে আছে। ইরানের অনুমতি ব্যতিরেকে কোনও নৌযান যাতায়াত করতে সক্ষম হবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথে চলাচল করতে পারবে না।” বক্তব্যের এক পর্যায়ে অ্যাডমিরাল সাইয়্যারি ‘দেনা’ যুদ্ধজাহাজের নিহত সদস্যদের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘দেনা’ একটি শান্তি ও বন্ধুত্ব বিষয়ক মহড়া এবং প্রশিক্ষণমূলক মিশনে অংশ নিয়েছিল, যেখানে কোনো যুদ্ধাস্ত্র বহন করা হচ্ছিল না।
সাইয়্যারি নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঘটনাটি আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে অনুসরণের আহ্বান জানান। ইরানের নৌ-সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে—এমন দাবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তারা বলে ইরানের নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; যদি সাহস থাকে, সামনে এসে দেখুক।”
তিনি আরও বলেন, ইরান অতীতেও এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি ছিল এবং এখনও রয়েছে। তাঁর ভাষায়, দূর থেকে এ ধরনের দাবি করা শক্তির নয়, বরং দুর্বলতার লক্ষণ।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com