কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইংল্যান্ড ফুটবল দল এমন একটি চার্টার বিমানে ভ্রমণ করেছে, যা অতীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানে ব্যবহৃত আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বহিষ্কার ফ্লাইটের অংশ ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ থমাস টুখেল-এর দল গত শনিবার ফ্লোরিডা থেকে মিসৌরিতে যাওয়ার জন্য যে চার্টার বিমান ব্যবহার করে, সেটি গ্লোবালএক্স এয়ারলাইনস পরিচালিত বহরের একটি বিমান। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের আইসিই'র জন্য বহিষ্কার ফ্লাইট পরিচালনার অন্যতম প্রধান ঠিকাদার হিসেবে পরিচিত।
প্রতিবেদন অনুযায়ী, একই ধরনের বিমান অতীতে হাইতি, মেক্সিকো, হন্ডুরাস ও গুয়াতেমালাসহ বিভিন্ন দেশে অভিবাসী বহিষ্কারে ব্যবহৃত হয়েছে। এমনকি ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের প্রকাশিত একটি বহুল আলোচিত ভিডিওতেও ওই বহরের একটি বিমান দেখা গিয়েছিল, যেখানে ভেনেজুয়েলার অভিযুক্ত অপরাধীদের এল সালভাদরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়।
বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই ইংল্যান্ড দল আরেক বিপত্তির মুখে পড়ে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে মিসৌরির প্রশিক্ষণ ঘাঁটিতে সরঞ্জাম পরিবহনের সময় চোররা প্রায় ১৮ হাজার ডলার মূল্যের ফুটবল বুট, প্রশিক্ষণ বল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এর মধ্যে অধিনায়ক হ্যারি কেইন এবং মিডফিল্ডার জুড বেলিংহাম-এর বুটও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইংল্যান্ড দল বিশ্বকাপ চলাকালে কানসাস সিটিকে তাদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করবে। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডালাস, বোস্টন ও নিউ জার্সিতে। ফলে পুরো টুর্নামেন্টজুড়েই দলটিকে চার্টার বিমানে যাতায়াত করতে হবে।
ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ১৭ জুন টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত হবে, যেখানে তারা ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com