পর্তুগালের পোর্তো শহরে আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ও ঐতিহ্যবাহী ‘ফিস্ট অফ সেন্ট জন’ উৎসব। দুই দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে ২৩ জুন রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত ‘আভেনিদা দোস আলিয়াদোস’-এ চলবে বিশাল ফ্রি কনসার্ট। দিবাগত রাত ১২টায় ডুরো নদীর ‘পোন্তে দম লুইস ১’ ব্রিজের কাছে অনুষ্ঠিত হবে ১৬ মিনিটের চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনী। এছাড়া ২৪ জুন সকালে ডুরো নদীতে প্রাচীন ঐতিহ্যবাহী ওয়াইন পরিবহনের নৌকা নিয়ে বিশেষ রেস অনুষ্ঠিত হবে।
এই উৎসবের সবচেয়ে মজার ঐতিহ্য হলো, সবাই প্লাস্টিকের খেলনা হাতুড়ি দিয়ে একে অপরের মাথায় আলতো করে বাড়ি মেরে শুভেচ্ছা জানায়। পাশাপাশি রাতের আকাশে ওড়ানো হবে হাজার হাজার ফানুস। উৎসবজুড়ে রাস্তার পাশে কয়লার আগুনে পোড়ানো সার্ডিন মাছ ও ঐতিহ্যবাহী পর্তুগিজ খাবারের সুবাস ছড়াবে।



