দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম।
শনিবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ঢাকায় কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ড. ফরিদুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। নতুন সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের ফোরামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ মসিউর রহমান। এছাড়া সাবেক রাষ্ট্রদূত শেখ সেকেন্দার আলী, সাবেক জজ মো. ইখতিয়ার ইসলাম মল্লিক, অধ্যাপক এস. এম. আবু জাফরসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রমজানের পবিত্র মাহাত্ম্য উপলব্ধি করে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশেষ করে বাগেরহাটের মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। ড. ফরিদুল ইসলামের দক্ষ নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ফোরামের সদস্যরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।



