
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সেলিম বাজারে প্রতিদিন মাত্র দুই ঘণ্টার পাইকারি হাটে কোটি টাকার সবজি বেচাকেনা হয়। একসময় যে অঞ্চলে মূলত আমন ধানের আবাদ হতো, সেখানে এখন সর্জন পদ্ধতিতে বছরজুড়ে উৎপাদিত হচ্ছে নানা জাতের সবজি। তবে বিপুল উৎপাদন ও বেচাকেনা সত্ত্বেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। অনুন্নত সড়ক যোগাযোগ, কৃষি উপকরণের বাড়তি দাম, নদীভাঙন এবং কৃষি বিপণন বিভাগের পর্যাপ্ত তদারকির অভাবকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা।
কৃষকদের অভিযোগ, সড়ক যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় জেলা শহর মাইজদী, চৌমুহনীসহ বিভিন্ন এলাকার বড় পাইকাররা বাজারে আসতে চান না। ফলে স্থানীয় পাইকারদের কাছে কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে পাইকারদের দাবি, সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন খরচ বাড়ছে, পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য বাজারে পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সেলিম বাজারে সবজি নিয়ে আসতে শুরু করেন কৃষকরা। কেউ মাথায় করে, কেউ রিকশা কিংবা ভ্যানে সাজিয়ে নিয়ে আসেন নানা জাতের সবজি। অনেক সময় কৃষকের মাথায় বা ভ্যানে থাকা অবস্থাতেই পাইকারদের দরদামে বিক্রি হয়ে যায় পণ্য। ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। এরপরই ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা কমে বাজার হয়ে পড়ে প্রায় জনশূন্য।
বাজার পরিচালনা কমিটির তথ্যমতে, শীত মৌসুমে প্রতিদিন এ বাজারে প্রায় এক কোটি টাকার সবজি বেচাকেনা হয়। আর মৌসুমের মাঝামাঝি সময়ে সবজির সরবরাহ কম থাকলেও দৈনিক লেনদেন থাকে ৪০ থেকে ৪৫ লাখ টাকা।
সেলিম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, সুবর্ণচরের মোহাম্মদপুর, চরক্লার্ক, পূর্বচরবাটা এবং হাতিয়ার উত্তরাঞ্চলের কালাধুর, চর নঙ্গলিয়া ও কেয়ারিংচর এলাকায় ১০ বছরের বেশি সময় ধরে সর্জন পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে। আগে এসব এলাকায় মূলত আমন ধানের আবাদ হতো। এখন বছরজুড়েই লাউ, মিষ্টিকুমড়া, বরবটি, শিম, করলা, ঢ্যাঁড়শ, টমেটো, শসা, চিচিঙ্গা, ধুন্দল, বেগুনসহ বিভিন্ন জাতের সবজি উৎপাদন হচ্ছে।
তিনি জানান, উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে এ অঞ্চলে একাধিক পাইকারি বাজার গড়ে উঠেছিল। সোলেমান বাজার, কালাধুর বাজার ও সেলিম বাজার ছিল এর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু গত পাঁচ-ছয় বছরে হাতিয়ার বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের কবলে পড়েছে। গত দুই-তিন বছরে দুটি বাজারও নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সবজি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পাইকারি বাজারের সংখ্যাও কমেছে। বর্তমানে সেলিম বাজারই এ অঞ্চলের প্রধান পাইকারি বাজার হিসেবে টিকে আছে।
বাজারের বড় লেনদেনের বিপরীতে কৃষকের আয় বাড়ছে না বলে অভিযোগ স্থানীয় চাষিদের। কৃষক আবু বকর মিয়া জানান, তিনি তিন একর জমিতে বছরজুড়ে সর্জন পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজি চাষ করেন। কিন্তু গত কয়েক বছর ধরে উৎপাদিত সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাকে।
তার অভিযোগ, বাজার তদারকির দায়িত্বে সংশ্লিষ্ট বিভাগ থাকলেও মাঠপর্যায়ে তাদের কার্যক্রম চোখে পড়ে না। এ ছাড়া সুবর্ণচরের গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে মাইজদী, চৌমুহনীসহ বিভিন্ন এলাকার বড় পাইকাররা এ বাজারে আসছেন না। ফলে স্থানীয় পাইকারদের কাছে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে।
আরেক কৃষক আবদুল কাদের বলেন, একদিকে সড়ক যোগাযোগব্যবস্থা নাজুক, অন্যদিকে বীজ, সার ও কীটনাশকের দাম বেশি। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে সবজির দাম পাচ্ছেন না তারা। বড় পাইকারদের উপস্থিতি না থাকায় বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছে কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। তার মতে, কৃষি বিভাগের বাজার তদারকি ও বাজার সংযোগ বাড়ানোর উদ্যোগের ঘাটতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগের সঙ্গে একমত পাইকারি ব্যবসায়ীরাও। তাদের দাবি, সড়কের বেহাল অবস্থার কারণে একদিকে বাজারে সময়মতো পৌঁছানো যাচ্ছে না, অন্যদিকে সবজি নিয়ে খুচরা বাজারে পৌঁছাতেও বিলম্ব হচ্ছে।
পাইকারি ব্যবসায়ী নজিব উল্যাহ বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় বড় কাভার্ডভ্যানগুলো এ বাজারে আসতে চায় না। রাস্তায় গাড়ি বিকল হওয়ার আশঙ্কা থাকে, জ্বালানিও বেশি খরচ হয়। এ কারণে ছোট পিকআপ ভ্যান ব্যবহার করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বেশি পরিবহন খরচ ও সময়মতো পণ্য পৌঁছাতে না পারার কারণে পাইকারদেরও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা থাকে। ফলে তারা কৃষকদের কাছ থেকে কম দামে সবজি কিনতে বাধ্য হন। সড়ক যোগাযোগের উন্নয়ন হলে কৃষক যেমন ন্যায্যমূল্য পাবেন, তেমনি পাইকাররাও আড়তদারদের কাছে ভালো দামে পণ্য বিক্রি করতে পারবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নোয়াখালীতে বছরে প্রায় ৩৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ৬ লাখ ১২ হাজার ৯৫৮ টন সবজি উৎপাদিত হয়। জেলার সদর উপজেলার একাংশ, সুবর্ণচরের মোহাম্মদপুর, চরক্লার্ক, চরজব্বার, চরজুবলি, হাতিয়ার উত্তরাঞ্চল এবং কোম্পানীগঞ্জের চরএলাহী ও গাংচিল এলাকায় সবজির উৎপাদন বেশি।
তবে উৎপাদিত সবজির বাজারমূল্য কিংবা জেলায় বছরে মোট কত টাকার সবজি বেচাকেনা হয়, তার নির্দিষ্ট হিসাব জানাতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ।
কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার শাহাদাৎ জানান, তাদের বিভাগে জনবল সংকট রয়েছে। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও চরাঞ্চলের কৃষকদের সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। জেলার বিভিন্ন বাজারে তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেই অধিকাংশ সময় ব্যয় হয়।
তবে দক্ষিণাঞ্চলের কৃষিপণ্যের বাজার সংযোগ বাড়াতে আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জেলা সমন্বয় সভায় সড়ক উন্নয়নের বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল বলেন, এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে বড় সম্ভাবনা রয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করার জন্য ইতোমধ্যে একাধিক প্রকল্প অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
তিনি জানান, বিশেষ করে মোহাম্মদপুর, চরক্লার্ক ও চরজব্বার এলাকার সড়কগুলোর টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকল্পগুলো প্রস্তুত করা হয়েছে। বর্তমানে শুষ্ক মৌসুম চলায় যত দ্রুত সম্ভব প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ সহজ হবে এবং কৃষকরাও উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

