
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া এবং থাইগ্লাস ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দোগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ১টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকটির দোগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় এবং থাইগ্লাস ভাঙচুর করে। পরে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।
এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্যাংক শাখার নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, ‘হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে বাইরে আসি। এ সময় হেলমেট ও মুখ ঢাকা ১০-১৫ জনের একটি দল জানালা দিয়ে ২-৩টি পেট্রোলবোমা ভেতরে ছুড়ে মারে এবং আগুন ধরিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও জানান, ঘটনার পর রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

