গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার দুপুরে সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, শ্রমিকরা যেন সুলভ মূল্যে চাল কিনতে পারেন।
এ সময় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। সেতুটিতে রেল যোগাযোগের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
কৃষকদের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে খাদ্যমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

